ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় পৃথক দুর্ঘটনায় একজন ইমাম নিহত ও ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় প্রাণ হারান মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫)। এর আগে সকাল ৬টায় নিজামপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়, আহত হন দুজন।
সূত্র জানায়, গতকাল উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় একটি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারান মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫)। তিনি উপজেলার রহমতাবাদ এলাকার মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় পুত্র এবং রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসা প্রধানের দায়িত্বে ছিলেন। প্রত্যক্ষদশীরা জানান, একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. শরিফুজ্জামান জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানি জানান, গতকাল সকাল ৬টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারকে নিজামপুর এলাকায় ব্রিজের পাশে অজ্ঞাত ট্রাক চাপা দিলে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে কারটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহত চালক দোলোয়ার হোসেন (৪৫) ও যাত্রী আব্দুর রহিমকে (৪৮) আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। আহত দুজনের বাড়ি নগরীর চান্দগাঁও এলাকায়। কারটি উদ্ধার করা হয়েছে এবং চাপা দেয়া গাড়িটিও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি জাকির রাব্বানি।














