নগরীর পাহাড়তলীর রাণি রাসমণি ঘাট এলাকায় চলন্ত ব্যাটারি রিকশা থেকে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। এসময় কনস্টেবল ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে ভর্তি করানো হয়। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৫৫) নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত আছেন। তার বাড়ি ফেনী জেলায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, রানি রাসমণি ঘাট এলাকার টোল রোডে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কুদ্দুস। এসময় জব্দ করা একটি ব্যাটারি রিকশা ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদ নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু পথে চালক চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাটারি রিকশাটিসহ চালক মো. জুয়েলকে (৩৮) আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।













