খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা এলাকায় প্রায় ৪০ বছর পর হালদা খালের (সালদা অংশ) খনন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন পর এই উদ্যোগ বাস্তবায়নের ফলে স্থানীয় কৃষিজমি রক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি এবং মাছ চাষ সমপ্রসারণের মাধ্যমে এলাকাবাসীর আর্থ–সামাজিক উন্নয়ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইজিপিপি প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন খাগড়াছড়ি–২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, বর্ষা মৌসুমে হালদা খাল ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছর কৃষিজমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়। খাল খনন সম্পন্ন হলে বন্যার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষিজমি রক্ষা পাবে। একই সঙ্গে সেচ সুবিধা বাড়বে এবং মাছ চাষের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। খাল খনন স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানা গেছে, হালদা খালের সালদা অংশে মোট ৫ কিলোমিটার খনন কাজের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ ব্যয় ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ৪৭৬ জন শ্রমিক অংশ নিচ্ছেন। পাশাপাশি স্থানীয় অনেক মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজের সঙ্গে যুক্ত হয়েছেন।











