ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী উত্তর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে সামপ্রতিক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রথমে তিনি দুর্ঘটনায় নিহত মোঃ দেলোয়ার হোসেন ও তাঁর শিশুকন্যার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরবর্তীতে তিনি একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কেরানীহাট হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মোঃ এরফানকে দেখতে যান। তাঁর চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত মোঃ ফরহাদ, তাঁর স্ত্রী ও ছেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, রাজিব জাফর চৌধুরী বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপি নেতা মোঃ আবুল হোসেন, আসহাব উদ্দিন ভূঁইয়া ও তসলিম উদ্দিন; চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ উদ্দিন ও আনিসুল ইসলাম; যুবদল নেতা আজম আলমগীর, মোঃ সোহেল ও লিয়াকত আলী; দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এনামুল হক এনাম এবং ছাত্রদল নেতা মোঃ ইউনুছ নূরী, মোঃ ফরহাদ, মোঃ কাইছার ও সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।










