চান্দগাঁওয়ে শিশু হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে ৭ বছরের শিশুকে হত্যার দায়ে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত যুবক হলেনসুজন দাশ। তিনি রাউজানের কেলারহাট কোয়েপাড়া এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাটগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম উল্লাহ চৌধুরী বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবিবিএফআইডিসি সড়ক এলাকায় শিশু টিটন দে’র পরিবারের সাথে থাকতেন সুজন দাশ ও তার পরিবার। ঘটনার দিন তথা ২০১৫ সালের ১১ জুলাই সুজন দাশ মারধর করেন টিটনকে। পরদিন ১২ জুলাইও মারধর করা হলে টিটনের মৃত্যু হয়।

এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় টিটনের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে আদালত সুজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হামে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধএক ফেসবুক অ্যাকাউন্ট ও বিদেশি নম্বরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা