চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা সফর গতকাল বৃহস্পতিবার বোটানিক্যাল গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীারা অংশ নেন।
প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো. গোলাম কিবরিয়া। আমন্ত্রিত অতিথি ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এম. আবদুল গফুর ও প্রফেসর ড. মো. আতিকুর রহমান। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম।
প্রধান অতিথি বলেন, তিনি নিজেও এই বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকতা জীবনও শুরু করেছিলেন এখান থেকেই। তিনি বিভাগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং তৎকালীন শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষক–শিক্ষার্থী সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, আগের মতো হৃদ্যতা নেই। এ অবস্থার পরিবর্তনে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি। নবীনদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রুমঝুম ভূঁইয়া। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভাগের তিনজন বিদায়ী কর্মকর্তা–কর্মচারীকেও উপহার প্রদান করা হয়। উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।














