চবির শাটল ট্রেনের অবস্থান জানা যাবে অ্যাপে

চবি প্রতিনিধি | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শাটল ট্রেনের লাইভ অবস্থান জানার সুবিধার্থে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপ চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এর মাধ্যমে শিক্ষার্থীরা শাটল ট্রেনের লাইভ লোকেশন জানতে পারবেন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান। এ সময় উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আয়ুবুর রহমান তৌফিক, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমানসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান। বক্তব্যে তিনি বলেন, আমরা সবসময় চাকসুর পাশে আছি। আজকের দিনটি সত্যিই বিশেষ। চাকসু শিক্ষার্থীদের সুবিধার্থে খুবই উপকারী একটি অ্যাপ ডেভেলপ করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ (Shayttle Train Tracker)। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তারা সম্পূর্ণ ছাত্রকল্যাণমুখী একটি পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান লোকেট করতে পারে, সেজন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। যেসব ডেভেলপার এই দায়িত্ব নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করে বিষয়টিকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে, আমি আনুষ্ঠানিকভাবে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপটির শুভ উদ্বোধন ঘোষণা করছি।

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, অনেক দিন পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্খিত শাটল ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করছি এর মাধ্যমে শাটলের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষার্থীদের সময় অপচয় রোধ হবে। শিক্ষার্থীরা শাটলের লাইভ লোকেশন জানতে পারবে। এই উদ্যোগের জন্য চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, আমাদের ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। তারই প্রেক্ষিতে আমরা দীর্ঘ ৫ মাস চেষ্টা করে এই অ্যাপটির কাজ সম্পন্ন করেছি। আশা করছি, শিক্ষার্থীরা এর দ্বারা অনেক উপকৃত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও উঝোউ ইউনিভার্সিটির শিক্ষা-গবেষণা সহযোগিতা আলোচনা
পরবর্তী নিবন্ধআইআইইউসির বিওটির ১১৫তম সাধারণ সভা