চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| সোমবার , ১১ মে, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহউদ্দীপনায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রছাত্রী) টুর্নামেন্ট গতকাল ১০মে রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান। তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আজ ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৪ বছর পর ছাত্রছাত্রীদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলার মাধ্যমে শারীরিক বা মনস্তাত্ত্বিক পরিবর্তনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় সম্পর্কের উন্নয়ন ঘটায়। এছাড়া খেলাধুলার মাধ্যমে কানেক্টিভিটি বাড়ে এবং সংস্কৃতি বিনিময় হয়। সভাপতির বক্তব্য রাখেন চবি উপউপাচার্য (প্রশাসন) ও চবি ক্রীড়া উপদেষ্টা কমিটির প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।

চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান জালাল স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা, উপউপাচার্য (প্রশাসন) ও চাকসুর ভিপি বিশ্ববিদ্যালয় পতাকা, বিশ্ববিদ্যালয়সমূহের আগত টিম ম্যানেজাররা নিজ নিজ বিশ্ববিদ্যালয় পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং চবি টিম ম্যানেজার প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম চবি পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এস.এম শফিক। পরে অতিথিদের সাথে নিয়ে বেলুনফেস্টুন উড়িয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রছাত্রী) টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সভা
পরবর্তী নিবন্ধজাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দলের সাফল্য