চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর পাহাড়ি অঞ্চল থেকে ২ কৃষককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহৃত ২ কৃষক হলো কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ ইদুর ছেলে মোহাম্মদ শাহজাহান (৪০), পশ্চিম এলাহাবাদ গ্রামের মকছুদ আলির ছেলে আজগর আলী (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল সকালেও কৃষকরা কৃষি কাজ করতে যায় উপজেলার কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে। এসময় একদল পাহাড়ি সন্ত্রাসী কৃষক মোহাম্মদ শাহজাহান (৪০), আজগর আলী (৪০) নুরুল আলম (৪৫) নামে ৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের আটক করে ব্যাপক মারধর করে। এদিকে কৃষকদের অপহরণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই স্থানীয় কয়েকশ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে উদ্ধার অভিযানে নামেন।
বিপুলসংখ্যক লোক একসঙ্গে পাহাড়ে প্রবেশ করলে সন্ত্রাসী চক্রটি পিছু হটে এবং তাদের হাতে জিম্মি থাকা শাহজাহান ও আজগরকে নিয়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। এসময় মারধরে আহত অপর কৃষক নুরুল আলমকে ফেলে যায়। পাহাড়ি সন্ত্রাসীরা অপহৃতদের মোবাইল ফোন থেকে তাদের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে। মুক্তিপণের টাকা না ফেলে অপহৃত দুই কৃষককে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
কৃষক নুরুল আলম আহত অবস্থায় লোকালয়ে এসে জানান, পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ৩ জনকে উুঁচু পাহাড়ে তুলে। এসময় তার গলায় ফাঁস লাগিয়ে লাথি দিয়ে ফেলে দেয়। সেখান থেকে তুলে আবারো হাত–পা বেঁধে ফেলে মুক্তিপণের জন্য ব্যাপক মারধর করে। মারধরের এক পর্যায়ে নুরুল আলম ঘুমিয়ে পড়ে। বেশকিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখে পাহাড়ি সন্ত্রাসীরা সেখানে নেই। এসময় সে প্রায় এক ঘণ্টা হেটে পাহাড় থেকে নেমে লোকালয়ে চলে আসে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া জানান, কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক কৃষক অহরণের বিষয়টি স্থানীয়ভাবে শুনেছেন। পুলিশ এব্যাপারে কাজ শুরু করেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিট অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।












