চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসের সভা

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস২০২৩ উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে এক আলোচনা সভা সম্প্রতি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. বিজন কুমার নাথ, সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) ডা. অসিন বড়ুয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল ও জুনিয়র কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. জুহেব হাসান। হাসপাতালের চিকিৎসকনার্স ও কর্মচারীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ১৮৪৬ সালে ইথার অ্যানেস্থেসিয়ার সফল প্রয়োগের পর এই দিনটিকে অ্যানেস্থেসিয়া দিবস হিসেবে পালন করা হয়। এবছর ১৭৭তম বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস পালন করা হচ্ছে। যে কোনো অপারেশনের আগে রোগীকে অচেতন করতেই অ্যানেস্থেসিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপারেশনের আগে রোগীর শারীরিক অবস্থা পরীক্ষা করা, অপারেশন চলাকালীন ও পরবর্তীতে রোগীকে ব্যথামুক্ত ও নিরাপদ রাখা ও প্রতি মুহূর্তে মনিটরিং, জটিল দীর্ঘমেয়াদি ব্যথার চিকিৎসা, বিভিন্ন রোগীর সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যানেস্থেসিওলজিস্টরা। তিনি বলেন, উন্নত ও আধুনিক অ্যানেস্থেসিয়ার কারণেই আজ জটিল সার্জারিসহ কিডনি, লিভার ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদভাবে প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজায় বিভিন্নস্থানে অনুদান ও বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধদেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে