সামপ্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন একটি ত্রাণ তহবিল গঠন করেছে। গতকাল সোমবার এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে কাস্টমস হাউসের মেম্বার্স হলে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি এস এম সাইফুল আলম চট্টগ্রাম বিভাগের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া, চকরিয়া, কঙবাজার, বান্দরবান, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারীসহ বিভিন্ন এলাকায় বন্যার ভয়াবহতার চিত্র তুলে ধরে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী এসোসিয়েশনের সদস্যবৃন্দকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসোসিয়েশনের ত্রাণ তহবিলে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে অনুদান প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।সভায় ত্রাণ তহবিল গঠনের পাশাপাশি সরকারের ত্রাণ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসোসিয়েশনের তহবিল থেকে নগদ অনুদান প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা কামাল মোস্তফা চৌধুরী, আলহাজ নুর মোহাম্মদ, মো. নুরুল ইসলাম, মো. নুরুল আবছার এবং গোলাম মাওলা খান। প্রেস বিজ্ঞপ্তি।












