চট্টগ্রাম অঞ্চলে ফোর–জি নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে রবি আজিয়াটা পিএলসি। এর মধ্য দিয়ে দেশব্যাপী নেটওয়ার্কের আধুনিকায়ন কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বৃহৎ পরিসরের এই নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রমের শেষ ধাপে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে আরও শক্তিশালী, নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎ উপযোগী ‘গিগা গ্রিন’ ফোর–জি ও ফাইভ–জি–প্রস্তুত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য অর্জন করেছে রবি।
গতকাল রোববার নগরীর রেডিসন ব্লু চট্টগ্রামে অনুষ্ঠিত ‘চট্টগ্রামে রবির ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন উদযাপন’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, রবির নেটওয়ার্ক আধুনিকায়ন কর্মসূচির আওতায় মাত্র ১৮০ দিনের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৩ হাজার ৫০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এ সময়ে গ্রাহকদের সেবায় প্রায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। এই আধুনিকায়নের ফলে গ্রাহকদের ফোর–জি অভিজ্ঞতা গড়ে ২০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। পাশাপাশি আরও ১০ শতাংশ মানুষ উন্নত ইনডোর ফোর–জি কাভারেজের আওতায় এসেছে। আধুনিক এমআইএমও (মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট) প্রযুক্তি ব্যবহারের ফলে সিগন্যালের মান ও কাভারেজ আরও শক্তিশালী হয়েছে, যা গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন ও উন্নত সংযোগ অভিজ্ঞতা নিশ্চিত করছে। নতুন নেটওয়ার্ক অবকাঠামোর ফলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত কমেছে। এর ফলে কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রবির প্রচেষ্টা আরও শক্তিশালী হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার। এই অঞ্চলে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা বাণিজ্য, শিল্পায়ন এবং স্মার্ট সিটি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, স্বল্প সময়ে এত বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রকৌশলগত অর্জন। সংযোগ ব্যবস্থার উন্নয়নে রবির এই বিনিয়োগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ডিজিটাল অর্থনীতির বিকাশে আধুনিক ও নির্ভরযোগ্য টেলিযোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম অঞ্চলে এই নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম শুধু গ্রাহকসেবার মান উন্নত করবে না, বরং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্নের মধ্য দিয়ে আমরা দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কার্যক্রম সফলভাবে শেষ করেছি। এটি শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, সম্প্রতি বৃহত্তর ঢাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট সফলভাবে আধুনিকায়নের পর চট্টগ্রাম অঞ্চলে এই অর্জন আমাদের নেটওয়ার্ক উৎকর্ষতার যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বৃহত্তর ঢাকার ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়নের মাধ্যমে রবির ইতিহাসের সবচেয়ে বড় ও দ্রুততম নেটওয়ার্ক রূপান্তর প্রকল্প সম্পন্ন হয়েছে। ওই উদ্যোগের ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতায় সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নতি হয়েছে। কল ড্রপের হার ২০ শতাংশ কমেছে এবং প্রায় অর্ধেক গ্রাহকের ইনডোর নেটওয়ার্ক অভিজ্ঞতা সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত উন্নত হয়েছে। দেশব্যাপী নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রমের সফল সমাপ্তি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে রবির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।










