চকরিয়ায় শেভরণ হাসপাতালে অভিযান, জরিমানা

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় শেভরণ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর জান্নাতুল মাওয়া লুচি (২২) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিক্ষোভের একদিন পর হাসপাতালটিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম জানান, হাসপাতালের লাইসেন্স, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় এবং ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) দিয়ে হাসপাতাল পরিচালনার অভিযোগসহ বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের একজন পরিচালক বলেন, হাসপাতালটি ডায়াগনস্টিক সেন্টার থেকে আলাদা এবং কয়েকজন মিলে এটি পরিচালনা করছেন।

জানা গেছে, এর আগে ২০২৫ সালের ২৬ মে শেভরণ হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে একই বছরের ৩ জুলাই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, গত শুক্রবার নিহত জান্নাতুল মাওয়া লুচি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার বাসিন্দা শেফায়েত মাসুমের স্ত্রী। নিহতের স্বজনদের অভিযোগ, দালালের মাধ্যমে লুচিকে শেভরণ হাসপাতালে ভর্তি করানো হয়। গত শুক্রবার দুপুর পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন। পরে তাকে রক্ত দেওয়ার সময় হঠাৎ শরীরে খিঁচুনি শুরু হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার হাসপাতাল এলাকায় উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, রোগী মৃত্যুর বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘আমার জন্য আর কেউ অপেক্ষা করবে না’
পরবর্তী নিবন্ধরামু-চকরিয়ায় ডিবি ও পুলিশ পরিচয়ে দুই বাড়িতে ডাকাতি