‘আমার জন্য আর কেউ অপেক্ষা করবে না’

নেপালে আকস্মিক বন্যায় মৃত ৬৩৩, নিখোঁজ ৩ হাজার

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ৫:৪২ পূর্বাহ্ণ

গোটা গ্রামে প্রায় কোনো বাড়ি আর মাথা তুলে দাঁড়িয়ে নেই। নেপালের ভোটেকোশীতে আকস্মিক বন্যার পরে মাইলের পর মাইল শুধুই কাদার নদী। সেই রাসুয়া গ্রাম থেকেই উদ্ধার করা হল শেষ জীবিত ডিবগা তামাঙ্গকে। হেলিকপ্টারে করে আরও তিন জনের সঙ্গে তাঁকে তুলে আনা হয়েছে নুয়াকোটের এক শিবিরে। গ্রাম ছেড়ে আসার সময় কান্নায় ভেঙে পড়েন ডিবগা, ‘আমার জন্য আর কেউ অপেক্ষা করে থাকবে না। সকলে হারিয়ে গিয়েছে। সব কিছু হারিয়েছে। সব শেষ।’

গত বুধবার সকালে নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে হড়পা বান আসে। তা ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি, হিমালয়ের বুকে একটি হিমবাহের বড় অংশ ভেঙে পড়ে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত তৈরি হয়। সেই ধ্বংসাবশেষ নদীখাতে নেমে এসে ভয়াবহ হড়পা বানের সূত্রপাত ঘটায়। গতকাল শনিবার সকাল পর্যন্ত ৬৩৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে নেপাল পুলিশ। নিখোঁজ প্রায় ৩ হাজার। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পায়ার্স বলেন, ‘দুঃখজনক, তবু বলছি, আমরা সবে ট্র্যাজেডির শুরুটা দেখছি।’ আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলির ফেডারেশনএর হিসাব, প্রায় ৯৩ হাজার মানুষ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধআত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার