চকরিয়ায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামকঙবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিএনজি অটোরিকশার ৩ জন যাত্রী আহত হয়। তন্মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়ন বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম ইমাম হোসেন (৩৯)। তিনি চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামের শামসুল আলমের পুত্র। আহত অপর দুই যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। সড়ক দুর্ঘটনায় একজন যাত্রী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন। তিনি জানান,কঙবাজার থকে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীতমূখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) কার্যনির্বাহী কমিটি গঠন
পরবর্তী নিবন্ধসাংবাদিক ওবায়দুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ