রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে এক আসামির বাসা থেকে একটি জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এর আগে গত ১৩ আগস্ট নগরের আফমী প্লাজার সামনে থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. মহিউদ্দিন প্রকাশ মহিন উদ্দিন (২৭) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করে রিমান্ডে আনে পুলিশ। গতকাল রোববার সিএমপির উপ–পুলিশ কমিশনার (ডিবি–বন্দর) মো. আবদুর রহীম ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন স্বীকার করে, বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির তার ভাড়া বাসায় জাল টাকা তৈরির সরঞ্জাম রয়েছে। এর প্রেক্ষিতে গত শনিবার দিবাগত রাতে ওই বাসায় অভিযান চালায় ডিবি।
পুলিশ জানায়, অভিযানে আসামির দেখিয়ে দেওয়া স্থান থেকে ১টি জাল টাকা তৈরির মেশিন, ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট (১০০ টাকার ৪৩টি, ৫০০ টাকার ২৪টি ও ১০০০ টাকার ২টি নোট) এবং ১টি কাঁচের গ্লাস জব্দ করা হয়।
মো. আবদুর রহীম জানান, রিমান্ড শেষে আসামিকে পুনরায় আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











