নগরীর ওয়াসা ও দামপাড়া থেকে ভারতে তৈরি ১৫০ রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেপ্তার দুই যুবকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার দুই যুবক হলেন মো. ফয়সাল আহমেদ রনি ও আমিনুল ইসলাম বাপ্পী।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আরিফ ইকবাল আজাদীকে বলেন, পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর গোয়েন্দা পুলিশ থেকে জানানো হয়, নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড়ের টেস্টি অ্যান্ড ট্রিট ফাস্টফুডে অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানাধীন দামপাড়ায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পীর কাছ থেকে একই রকম ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির গায়ে ‘মেড ইন ভারত’ লেখা রয়েছে। রনি পুলিশকে জানিয়েছেন, বাপ্পির কাছ থেকে তিনি গুলিগুলো সংগ্রহ করেছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুজন অস্ত্র ব্যবসায়ী। অপরাধ কর্মকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে নগরীতে নিয়ে এসেছিলেন তারা।














