চট্টগ্রামে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের পরদিন এক যুবলীগ (নিষিদ্ধ) নেতার আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম নুরুল আলম। সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তিনি। নগরীর রেয়াজুদ্দিন বাজারের বিনিময় টাওয়ারে তার একটি দোকান রয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়লে নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে সাতকানিয়া থেকে নুরুল আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বিকালের দিকে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢেমশা ইউনিয়নের বাসিন্দা নুরুল আলমকে গত মঙ্গলবার সন্ধ্যার পর কারাগারে আনা হয় জানিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন দৈনিক আজাদীকে বলেন, বুধবার সকাল ৭ টার দিকে বুকে ব্যথা অনুভব করার কথা জানান নুরুল আলম। পাশাপাশি শ্বাস নিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। একপর্যায়ে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ঠিক কী কারণে নুরুল আলমের মৃত্যু হয়েছে সে বিষয়ে চিকিৎসক কিছু জানিয়েছে কিনা– এমন প্রশ্নের উত্তরে সিনিয়র জেল সুপার বলেন, কী কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে চিকিৎসক কর্তৃক কিছু জানা যায়নি।
নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ গতকাল বিকালে চমেক হাসপাতাল চত্বরে সাংবাদিকদের বলেন, জায়গা জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সাথে বিরোধের জেরে যুবলীগ ট্যাগ দিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করানো হয়েছে। ওর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সে স্বাভাবিকভাবে চলাফেরা করত, নিয়মিত রেয়াজুদ্দিন বাজারের দোকানে বসত। কেরানীহাটে থাকা পরিবারের একটি জমি নিয়ে কিছু লোকের সাথে বিরোধ ছিল জানিয়ে তিনি বলেন, সেই বিরোধের জেরে নুরুল আলমকে গ্রেপ্তার করানো হয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার বেলা ১২টার দিকে আমার ভাইকে সাতকানিয়া থানার সামনে থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তড়িঘড়ি করে তাকে থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও সে সুস্থ স্বাভাবিক ছিল। আজ (বুধবার) সকালে আমাকে কারাগার থেকে মৃত্যুর খবর জানিয়ে হাসপাতালে যেতে বলা হয়। নুরুল আলমের মৃত্যুকে নিশ্চিত হত্যাকাণ্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্ত করার দাবিও জানান তিনি।











