কক্সবাজারের চকরিয়ার কাকারায় মিফতাহ্ জান্নাত নামের ১০ বছরের এক গৃহকর্মী শিশুকে হত্যার অভিযোগ এনে মামলা রুজু হয়েছে থানায়। আসামী করা হয়েছে বাড়ির মালিক ও তার স্ত্রীকে। ছয়দিন আগে সংঘটিত এই শিশুহত্যার ঘটনায় গতকাল বুধবার রুজুকৃত মামলায় আরও দুইজনকে অজ্ঞাত আসামী করা হয়। শিশুর বাবা ছৈয়দ নুর বাদী হয়ে মামলাটি রুজু করেছেন। শিশুটির বাড়ি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায়।
মামলার এজাহারনামীয় দুই আসামী হলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের হাজিয়ান এলাকার মোহাম্মদ ইসহাক এর ছেলে মোহাম্মদ হারুন ও তার স্ত্রী সুমা আক্তার। মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, শিশু মিফতাহ্ জান্নাত এর বাবার দেওয়া লিখিত অভিযোগটি পেয়ে হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।














