ঢাকাই সিনেমার স্টাইলিশ নায়ক হিসেবে দেশের গণ্ডি পেরিয়েও যার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সিনেপ্রেমীদের মাঝে, তিনি জাফর ইকবাল। অভিনয়, গান আর ফ্যাশন– তিন ক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রেখে যাওয়া এই শিল্পী আশির দশকে হয়ে উঠেছিলেন তরুণদের ফ্যাশন আইকন। সময়ের চেয়ে যেন কয়েক ধাপ এগিয়ে থাকা এই নায়ক আজও দর্শকের স্মৃতিতে অমলিন। জনপ্রিয় এই তারকার জন্ম ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর। খবর বাংলানিউজের।
ঢাকার গুলশানে জন্ম নেওয়া জাফর ইকবালের পৈতৃক নিবাস সিরাজগঞ্জে। জন্মের পর থেকেই যেন সুর আর শিল্পের আবহে বেড়ে ওঠা তার। ছোটবোন খ্যাতিমান কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ এবং বড় ভাই স্বনামধন্য সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ– দুজনই ছিলেন সংগীতজগতের পরিচিত মুখ। তাদের দেখেই ছোটবেলা থেকে গান গাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয় জাফর ইকবালের। গানের পাশাপাশি গিটার বাজানোতেও ছিল তার আলাদা দক্ষতা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষকের কাছে গান শেখেননি তিনি। তবে সুরের ভুবনে বেড়ে ওঠার কারণে গান না শিখেও অনায়াসে গাইতে পারতেন। প্রিয় শিল্পী ছিলেন এলভিস প্রিসলি। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গিটার বাজিয়ে এলভিসের গান গাইতেন তিনি। ১৯৬৭ সালে বন্ধু তোতা, মাহমুদ ও ফারুককে নিয়ে ‘র্যাম্বলিং স্টোনস’ নামে একটি ব্যান্ড গড়ে তোলেন জাফর ইকবাল।













