খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে সরফঘাটা ইউনিয়নে ‘সরফঘাটার সর্বস্তরের জনসাধারণের’ ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্ষেত্রবাজারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ।

ছাত্রদল নেতা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, নিহতের ছোট ভাই শাহাদাত হাসান মুরাদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মহিবুল্লাহ মারুফী, মো. সরওয়ার, মো. কুসুম চৌধুরী, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী খালেদ, দিদারুল আলম, মনিরুল হাসান চৌধুরী, নুরুল আবছার, দিলদার বিন কাসেম, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং সরফভাটাজুড়ে নিয়মিত বিরতিতে খুন ও নৈরাজ্য বন্ধের দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাতে সরফভাটায় ইত্যাদি চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামুনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে চিহ্নিত খুনিরা। এই ঘটনার তিনদিন পর নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ২০২৫ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে মো. ওসমান গনি (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসাত মাস ধরে সক্ষমতার ৯০ শতাংশ অব্যবহৃত
পরবর্তী নিবন্ধজয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ