খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে খামেনির জন্য দোয়া করেন স্পিকার হাফিজ উদ্দিন। পরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে ইরানি জাতির প্রতি সহমর্মিতা জানিয়েছেন। সেখানে রাখা শোক বইতেও স্বাক্ষর করেন স্পিকার হাফিজ উদ্দিন।

তেহরানে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সঙ্গে সাক্ষাতে গত শুক্রবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর চার মাস পর তার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। দুই স্পিকারের সাক্ষাতের খবর দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিডিনিউজের।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষকৃত্যে যোগ দেওয়ার আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন হাফিজ উদ্দিন। বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার ‘নির্মম হত্যাকাণ্ডের’ নিন্দা জানান। একই সঙ্গে ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, সাংস্কৃতিক যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমপ্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে কলিবফের ভূমিকার প্রশংসাও করেন বাংলাদেশের স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পিকার কলিবফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে হাফিজ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ