খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল) দলের সশস্ত্র সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাসদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়েন। একপর্যায়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান দেওয়া হবে না। জনসাধারণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের অভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর অবস্থানে রয়েছে।






