খাগড়াছড়িতে সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত এক্সকেভেটর (খননযন্ত্র) পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। গত বৃহস্পতিবার মধ্য রাতে গুইমারায় হাফছড়ি ইউনিয়নের পিলাক খালের খননকাজে ব্যবহৃত এক্সকেভেটরটি আগুনে পুড়ে যায়। হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির প্রকল্প সভাপতি অংগ্যজয় মারমা বলেন, রাতের আঁধারে কে বা কারা এসে এক্সকেভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। তিনি বলেন, ২৮ এপ্রিল থেকে পিলাক খালের খননকাজ শুরু হয়েছে। ইতোমধ্যে খালের বেশ কিছু অংশ খননের কাজ শেষ হয়েছে। গতকাল রাতে একটি এক্সকেভেটরে আগুন দেয়া হয়। আমরা আইনগত ব্যবস্থা নিব। গুইমারায় থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, আগুন দেওয়ার ঘটনায় দোষীদের খুঁজে আইনের আওতায় চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম কাজ করছে।











