পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে ক্ষেত্রে মহানগর ও সারাদেশের পুলিশের আগের যে পোশাক ছিল সেখানে শার্টের রং একই থাকবে। তবে সবার প্যান্ট হবে খাকি রঙের। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এক সময় ব্রিটিশ সেনাবাহিনীর পোশাকের রং খাকি হওয়ার কারণে এই উপমহাদেশে আইন–শৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতিশব্দ হিসেবে অনেক ক্ষেত্রেই ‘খাকি’ শব্দটি ব্যবহার করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ফিরবে ‘খাকি’। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশে বিদ্যমান যে পুলিশের পোশাক আছে সেটা নিয়ে কেউ সন্তুষ্ট না। যেটা দৃশ্যমান, এই পোশাকটা আসলে মানানসই না। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে বিষয়টা বিবেচনা করেছি। একটা ঐতিহ্যবাহী ড্রেস দেওয়া যায়, তারও একটা অংশ বিবেচনা করেছি। আগের যে শার্ট মেট্রোর জন্য এবং সারাদেশের জন্য ছিল, সেটা বহাল রেখেছি। তবে প্যান্ট খাকি করা হচ্ছে। বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে।’ এই পোশাক পেতে পুলিশের কিছু সময় লাগবে। প্রস্তুতির বিষয় আছে, বলেন সালাহউদ্দিন। খবর বিডিনিউজের।
এই পোশাক পেলে মহানগর পুলিশকে দেখা যাবে আগের মতই হালকা জলপাই বা লাইট অলিভ রঙের শার্টে। সঙ্গে থাকবে খাকি প্যান্টে। আর জেলা পুলিশসহ অন্য পুলিশ সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন। বিগত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকারের আমলে ২০০৪ সালে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আসে। সেই সময় মহানগর পুলিশের ইউনিফরমে ছিল গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট। অন্য পুলিশ ইউনিটের সদস্যরা খাকি শার্ট ও খাকি প্যান্টের ইউনিফরম পরতেন। প্রায় ২১ বছর পর গত বছরের নভেম্বরে পুলিশের ওই পোশাকে পরিবর্তন আনা হয়। তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করতে না করতেই সেই পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশের মধ্যে।













