খাকি প্যান্ট ও নীল-জলপাইরঙের শার্টে ফিরছে পুলিশ

প্রজ্ঞাপন জারি

| শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:০৪ পূর্বাহ্ণ

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে পুলিশকে ‘ঢেলে সাজানোর’ অংশ হিসেবে পোশাকের পরিবর্তন সাত মাসও টিকল না। গত বছরের নভেম্বরের আগের ‘গাঢ় নীল’ আর ‘হালকা অলিভ’ রঙের শার্টেই ফিরছে এ বাহিনী, প্যান্টের রঙ হচ্ছে খাকি। পুলিশের আগের পোশাকে ফেরার অনুমোদন দিয়ে গত বৃহস্পতিবার এ বাহিনীর সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। সকল মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সকল পুলিশের প্যান্টের রঙ হবে খাকি। এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‌্যাব এই পোশাকের আওতামুক্ত থাকবে। তাদের ক্ষেত্রে পোশাক পরিবর্তন হবে না। খবর বিডিনিউজের।

গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পরই পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশের মধ্যে। ২৪ ফেব্রুয়ারি পোশাক পরিবর্তনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তটি ‘পুনর্বিবেচনার অনুরোধ’ করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটি তখন বিবৃতিতে বলে, অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত ‘উপেক্ষা করা হয়েছে’। এ নিয়ে আলোচনার মধ্যে গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে পুলিশের পোশাক পরিবর্তনে সরকারের সিদ্ধান্তের কথা তুলে ধরে বলেন, মহানগর ও সারা দেশের পুলিশের আগের যে পোশাক ছিল, সেখানে শার্টের রঙ একই থাকবে। তবে সবার প্যান্ট হবে খাকি রঙের।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে প্রায় ২২ বছর পর পুলিশের পোশাকে আবারও ফিরছে ‘খাকি’ রঙ।

পূর্ববর্তী নিবন্ধসাত দিনেও ধরা পড়েনি কোনো আসামি
পরবর্তী নিবন্ধসুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল