গিনেস বুকে নাম লেখালেন হাটহাজারীর আয়মান মুহাম্মদ (১৬)। এক মিনিটে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিয়েছেন তিনি। আয়মান ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। পড়ছেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে। ফুটবল পায়েও তার দক্ষতা অবিশ্বাস্য। তার অনন্য সাফল্যে এলাকাবাসী মুগ্ধ।
জানা যায়, আয়মান উপজেলার মেখল ইউনিয়নের আমান শাহ্ বাড়ির ওমান প্রবাসী মুহাম্মদ মুসার ছেলে। সে চার ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। বাংলানিউজের খবর থেকে জানা যায়, গিনেস বুকে নাম লেখানোর বিষয়ে আয়মান বলেন, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গিনেস বুকে পৃথিবীর বিভিন্ন রেকর্ড দেখে আমারও রেকর্ড গড়ার ইচ্ছা জেগেছিল। সেই প্রচেষ্টা থেকে এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার সাজিয়ে সফল হয়েছি।
গত ২৫ ফেব্রুয়ারি গিনেস বুকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন তিনি। ১৭ মার্চ গিনেস বুক কর্তৃপক্ষ জানায়, তার আবেদনটি গ্রহণ করা হয়েছে। একইসাথে রেকর্ডটির ভিডিও পাঠাতে বলা হয়। এরপর ভিডিও পাঠালে গত ১২ জুন ই-মেইলের মাধ্যমে রেকর্ডটির ফলাফল জানানো হয়।
আয়মান বলেন, আমি এখন এই ক্যাটাগরিতে রেকর্ড হোল্ডার। আগামী কয়েক মাসের মধ্য গিনেস রেকর্ডের স্বীকৃতিপত্র পাওয়ার আশা করছি।













