কর্ণফুলী নদীতে পৃথক অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাগদা চিংড়ির রেণু এবং ১ লাখ ৬৮ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে কোস্টগার্ড। একই সঙ্গে একটি বোট আটক করে মালিককে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা ও কর্ণফুলী উপজেলার নদী এলাকায় পৃথক অভিযানে এসব রেণু ও মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ির রেণু নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জব্দকৃত মাছের একাংশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং বাকি মাছ ১ লাখ ৬৮ হাজার টাকায় নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি করা হয়। এ সময় প্রায় ১ কোটি ২০ লাখ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। অন্যদিকে রাত আড়াইটার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় কর্ণফুলী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬৮ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। একই সঙ্গে মাছবাহী একটি বোট আটক করা হয়।
কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম বলেন, জব্দ করা রেণু নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া মাছের একাংশ এতিমখানায় বিতরণ এবং বাকি অংশ নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














