ক্যাম্পে রোহিঙ্গা নেতা খুন আহত আরো দুইজন

দুষ্কৃতকারীদের হামলা

উখিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

মিয়ানমারে নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠন আল ইয়াকিন- আরসা সন্ত্রাসীদের হামলায় এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন। আহত আরো দুই রোহিঙ্গা নেতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরসার নির্যাতন থেকে রক্ষা পেতে রোহিঙ্গা নেতা, মৌলভী ও শিক্ষকসহ সামাজিক নেতৃস্থানীয় অনেকে ক্যাম্প ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এপিবিএন পুলিশের উখিয়ার কুতুপালং বালুর মাঠ ক্যাম্প কমান্ডার এএসপি এ কে এম এমরানুল হক মারুফ বলেন, হামলার শিকার ২-ইস্ট ক্যাম্পের বি/৫ ব্লক মাঝি (নেতা) আবুল কালাম (৩৮) হাসপাতালে মারা গেছেন। গত শনিবার সকাল ৬ টার দিকে নিজ ঘরের সামনে এ রোহিঙ্গা নেতা দুষ্কৃতকারীদের হামলার শিকার হন। পরে কঙবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু ঘটে। নূর মোহাম্মদ, ইব্রাহীম, ফরিদ, জোবায়ের, জাবের, ছমি উদ্দিন ও ইমাম হোসেনের নেতৃত্বে রোহিঙ্গা দুষ্কৃতকারীরা তার ওপর হামলা করে বলে ওই কর্মকর্তা জানান। প্রতিবেশীরা জানান, আরসার সশস্ত্র সন্ত্রাসীরা ভোরে ব্লক মাঝি আবুল কালামকে ঘর থেকে ডেকে বের করে নির্মমভাবে মারধর করে চলে যায়।
রোহিঙ্গারা জানান, আরসার ওই সন্ত্রাসীরা এর আগের রাতে একই ক্যাম্পের হেড মাঝি মোঃ আমিন ও অপর ব্লক মাঝি জাফর আলমকে ঘর থেকে তুলে নিয়ে যায়। তাদেরকেও মারধর করে ফেলে যায়। গভীর রাতে সাধারণ রোহিঙ্গারা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া তাদের নির্যাতন ও জুলুম থেকে বাঁচতে অনেক সচেতন রোহিঙ্গা নেতা, মৌলভী ও শিক্ষকসহ সামাজিক নেতৃস্থানীয়রা ক্যাম্প ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপনে পালিয়ে দিনযাপন করছে বলে জানা গেছে।
রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এমরানুল হক মারুফ। হতাহতের স্বজন ও ক্যাম্পের রোহিঙ্গারা জানান উল্লিখিত সন্ত্রাসীরা সশস্ত্র আরসার সদস্য।

পূর্ববর্তী নিবন্ধযার যার অবস্থান থেকে সবাইকে সঠিক কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া