চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে যাত্রীবেশে যাচ্ছিলেন মো. শহিদুল ইসলাম (৪২)। তার হাতে ছিল দুটি কোর্ট ফাইল। বাইরে থেকে সাধারণ নথিপত্র রাখার ফাইল মনে হলেও সেগুলোর ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)।
সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় যাত্রীবাহী ওই বাসে তল্লাশি করে এসব ইয়াবাসহ বাসযাত্রী মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)। গত বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীর লালবাগ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।
গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম (৪২) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার দরগাপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এ. মোজাফফর হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি। এ সময় স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে বসে থাকা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট পাওয়া যায়। এর ভেতরে বিশেষ কৌশলে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।










