চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কার্যক্রম বাড়ানো গেলে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত হবে এবং কিশোর গ্যাংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকবে।
তিনি গতকাল মঙ্গলবার আনোয়ারা উপজেলার দোভাষী বাজার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অভিভাবকদের উদ্দেশে শামীম বলেন, সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না,পড়াশোনা করছে কি না– সেদিকে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নজর রাখতে হবে। সন্তানদের শিক্ষার বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে।
অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন কমে যাওয়ায় শিক্ষার্থীদের একটি অংশ বিপথে যাচ্ছে।
তিনি বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দীন আজাদের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহওয়াজ জামাল নিজাম সনি। বিশেষ অতিথি ছিলেন এভারেস্টজয়ী ডা.বাবর আলী, শহীদুজ্জামান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











