ডায়াবেটিক হাসপাতালকে মাল্টি-ডিসিপ্লিনারি হিসেবে রূপান্তরিত করতে হবে : চসিক প্রশাসক

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,চট্টগ্রামে আরও অনেক হাসপাতাল প্রয়োজন। ইতিমধ্যে সরকার বিভিন্ন জায়গায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এবং এটি দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে শুধু ডায়াবেটিস রোগীদের সেবা নয়, সেবার মান বহুগুণে বৃদ্ধি করতে এই প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ মাল্টি–ডিসিপ্লিনারি হাসপাতালে রূপান্তরিত করতে হবে।

তিনি গতকাল শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, অ্যাডভোকেট মো. মফিজুল হক ভূঁইয়া, হাসপাতালের উপ–পরিচালক ডা. সলিমুল্লাহ এবং ডা. জুলেখা শামস। হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন জানান, বর্তমান তত্ত্বাবধায়ক কমিটি দায়িত্ব গ্রহণের ৫২তম দিনে এসে ১৩তম ডায়াবেটিস মেলা উপহার দিতে পেরেছে। গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় স্বাস্থ্য সচেতনতামূলক বই, ওষুধ, ইনসুলিন ও ডায়াবেটিস পরীক্ষার সরঞ্জামে বিশেষ মূল্যছাড়, স্বল্পমূল্যে এক্সিকিউটিভ হেলথ চেকআপ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের আইনি জট ও বিগত কমিটির মামলা নিষ্পত্তি করে দ্রুত একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা.মঈনুল ইসলাম মাহমুদ, সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান এবং নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্বেচ্ছাসেবক শক্তির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ