পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠানরত কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল রোববার এক উত্তেজনাপূর্ণ ম্যাচে নেপালকে হারায় তারা। পাঁচ সেটের এই রোমাঞ্চকর লড়াইয়ে শুরুতে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। প্রথম সেটে নেপালের কাছে পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়লেও, প্রবল আত্মবিশ্বাসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লাল–সবুজের প্রতিনিধিরা। স্নায়ুচাপ ধরে রেখে শেষ পর্যন্ত ৩–২ সেটের ঘাম ঝরানো জয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ দল। চার ম্যাচ খেলে তিনটিতেই বীরত্বের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে তারা। আসরের শুরুতে উজবেকিস্তানকে ৩–২ সেটে হারানোর পর কাজাখস্তানের বিপক্ষেও একই ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে মাঝে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ০–৩ সেটে হার মানতে হয়েছিল তাদের। এবার নেপালের বিপক্ষে জয়ে আবারও চেনা ছন্দে ফিরল লাল–সবুজরা। সেমি–ফাইনালের টিকিট নিশ্চিত হলেও শেষ চারে প্রতিপক্ষ কে হবে, তা নির্ভর করছে লিগ পর্বের শেষ ম্যাচের ফলাফলের ওপর। সোমবার লিগ পর্বের শেষ খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে উজবেকিস্তান। আর যদি শ্রীলঙ্কার কাছে হারতে হয়, তবে শেষ চারে স্বাগতিক ও শক্তিশালী পাকিস্তানের মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। উল্লেখ্য, সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) তত্ত্বাবধানে এবং পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে ২২ জুলাই থেকে শুরু হওয়া এই আসর চলবে ২৯ জুলাই পর্যন্ত। ৬ জাতির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও উজবেকিস্তান।











