রাঙামাটির কাপ্তাই হ্রদে হঠাৎ দেখা গেল টর্নেডো বা বায়ুস্তম্ভ। অনেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল বিকেলে সাড়ে ৫টার দিকে কাপ্তাই হ্রদের কিল্ল্যামুড়া এলাকার আশেপাশে এই দৃশ্য দেখা যায়। দৃশ্যটি অনেকে ক্যামেরায় ধারণ করেন।
আলবি হাসান সুজন নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমি সেসময় শহীদ মিনারের পাশে মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ করে হ্রদের কিল্ল্যা মুড়ার (ত্রিপুরা পাড়া) আশেপাশের এলাকার দিকে এই দৃশ্য দেখতে পাই। পরে দৌড় দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে আমি সহ আরও অনেকে এই দৃশ্য দেখেছে। অনেক মানুষের ভিড় ছিল। এটা প্রায় ১০ মিনিটের মতো স্থায়ী ছিল।
রাঙামাটি জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ইনচার্জ ক্যা চিং নু মারমা বলেন, এগুলোতে আমাদের কোনো সংকট থাকে না। এগুলো হঠাৎ করে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমের শুরু কিংবা বর্ষা শেষে এগুলো হয়। স্থলে হলে বেশ ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এগুলো বেশিক্ষণ থাকে না। এটা একটা টর্নেডো বলা যায়।











