কাজের কথা বলে রাশিয়ায় যুদ্ধে পাঠানো এক বাংলাদেশি দেশের পথে

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

কাজের কথা বলে রাশিয়ায় পাঠিয়ে পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা বাংলাদেশি ৩০ তরুণের একজন উদ্ধার হওয়ার পর দেশে ফিরছেন। মস্কোর স্থানীয় সময় গত শুক্রবার রাত সাড়ে ৯টায় রাজন হোসেন নামের ওই তরুণকে উড়োজাহাজে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধারপরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। খবর বিডিনিউজের।

দূতাবাসের তথ্য অনুযায়ী, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটির রাজধানী আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। রোববার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। রাজন ফেসবুকে ‘রাজন অন দ্য গোবাংলা’ নামে একটি পেইজ চালান। সেখানে তিনি যুদ্ধের বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করেন। যুদ্ধে নেমে তিনি আহতও হয়েছেন। অনেকদিন ধরেই তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরার চেষ্টা করছিলেন।

গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোবিএমইটির ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে ৩০ জন বাংলাদেশি কর্মীকে রাশিয়ায় পাঠায়। চাকরির কথা বলে পাঠানোর পর সেখানে নিয়ে জোর করে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ৯ জুলাই সংসদে জানান, তাদের মধ্যে চারজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। প্রতারণার অভিযোগে ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল১৪২৮), জাবালনূর (আরএল২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল১৭৫৫) নামের তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের পাশাপাশি জামানত বাজেয়াপ্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচরণদ্বীপ দরবারে সেমিনার
পরবর্তী নিবন্ধমহানবীর (দ.) আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব