রাঙামাটির কাউখালী উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানার সন্ধান ও সেখান থেকে গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধারের কথা জানিয়েছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, শুক্রবার ভোরবেলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফের (প্রসিত খীসা) শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, অভিযান চলাকালে ইউপিডিএফ তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।














