কলেজছাত্র সাজিদ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৯ পূর্বাহ্ণ

নগরীর ডিসি রোডে নির্মানাধীন ভবনের লিফটের খালি জায়গায় ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদ খুনের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম ইশতিয়াক। ডিসি রোডের শিশু কবরস্থান এলাকার বাসিন্দা তিনি। মামলার এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে তার সম্পৃক্ততা উঠে এসেছে। গত শুক্রবার দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব৭ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা সাজিদ নগরীর বিএএফ শাহিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। গত ১২ এপ্রিল ঘটনার দিন বিকালে বৌবাজার যাওয়ার রাস্তার মুখে একটি টং দোকানের সামনে তিনি ও তার বন্ধু ফারদিন হাসান বসে কথা বলছিলেন।

এমন সময় আইমন, অনিক, রানা প্রকাশ মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ এবং মিসকাতুল কায়েসসহ অজ্ঞাতনামা ৫/৬ জন তাকে ধারালো চাকুর ভয়ভীতি দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিছু সময় পর সেখান থেকে কৌশলে তিনি দৌড়ে ডিসি রোডস্থ মৌসুমি আবাসিক এলাকার ঘটনাস্থল নির্মাণাধীন ভবনের ৮ম তলায় প্রবেশ করে প্রধান গেইট আটকে দেয়।

তখন তাকে পিছনে ধাওয়া করা দুর্বৃত্তরা উক্ত ভবনের সামনে অবস্থান নেয় এবং ভবনের দারোয়ানকে ভিতরে চোর প্রবেশ করেছে মর্মে অভিযোগ করে। এতে দারোয়ান ভবনের মেইন গেইট খুলে দিলে দুর্বৃত্তরা ভবনের উপরে উঠে ভিকটিমকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ সাজিদকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, এ ঘটনায় সাজিদের বাবার দায়ের করা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ইশতিয়াক দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে চকবাজার থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখেলনা পিস্তল ও ধারালো অস্ত্রসহ ৪ জনকে ধরে পুলিশে দিল স্থানীয়রা
পরবর্তী নিবন্ধজাফর উল্লাহ খান