খেলনা পিস্তল ও ধারালো অস্ত্রসহ ৪ জনকে ধরে পুলিশে দিল স্থানীয়রা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে খেলনা রিভলভার ও দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার বিকালে হাটহাজারী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলম কোম্পানির বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. আরিফুল হক প্রকাশ বাদশাহ (১৯), মো. হাসান মুরাদ (১৮), ফয়সাল ইসলাম প্রকাশ জাহেদ (১৭) ও ওয়াহিদুজ্জামান রাকিব (১৬)

সূত্র জানায়, চিকনদণ্ডী ইউনিয়নের আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী এবং পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক করলে ওই ৪ জন পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাদের পেছনে ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা রিভলভার এবং ১টি রাম দা, ২টি ছুরি এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা আটক চারজনকে মারধর করার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া অস্ত্র জব্দ এবং আটক চার ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দোকানের লকার ভেঙে ব্যবসায়ীর ৩ লাখ টাকা চুরি অভিযোগ
পরবর্তী নিবন্ধকলেজছাত্র সাজিদ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার