দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দলীয় সংসদ সদস্যদের (এমপি) উদ্যোগে গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে এ সমাবেশ শেষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মিছিলের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘটে।
চট্টগ্রাম–১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ও চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, সাতকানিয়া আসনের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান।
সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবি আদায় করেছি। আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, গুপ্ত হামলা করবেন, বোমাবাজি চালাবেন– এটা হতে দেয়া হবে না। বিএনপির শেষ কর্মী বেঁচে থাকতে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না।












