কক্সবাজার শহরে হোটেল মোটেল জোনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে লাগাতার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। গতকাল শনিবারসহ টানা পাঁচদিন ধরে চলা অভিযানে সড়কের পাশে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও স্থাপনা এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি জায়গা চিহ্নিত করে পর্যায়ক্রমে দখলমুক্ত করার কার্যক্রম চলছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের আওতায় শহরের হেরিটেজ ভবনের পাশের সরকারি প্লট করা জায়গায় নির্মিত বিভিন্ন স্থাপনাও উচ্ছেদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব জায়গা দখল করে দোকান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছিল বলে জানান স্থানীয়রা। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে সরকারি জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া সড়কের পাশ এবং বিভিন্ন রেস্টুরেন্টের চলাচলের পথ দখল করে নির্মাণ করা দোকান, ছাউনি ও অস্থায়ী স্থাপনাগুলোও উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্টদের এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে কয়েকটি স্থাপনা এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। হেরিটেজ ভবনের পাশের আরেকটি ভবনের সামনেও সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। অভিযানকালে সেসব স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টরা নিজেদের মালামাল সরিয়ে নেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, শহরকে যানজট রাখতে এবং পর্যটক ও স্থানীয়দের চলাচল সহজ করতেই এ অভিযান চালানো হচ্ছে। এছাড়া দখল করা সরকারি জমি উদ্ধার করাও অভিযানে অংশ।












