চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের বান্ডেল রোড এসি দত্ত লেন এলাকাটি এখন এক বিশাল ভাগাড়ে পরিণত হয়েছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় কোনো স্থায়ী ডাস্টবিন না থাকায় সড়কের ওপরই ফেলা হচ্ছে গৃহস্থালির যাবতীয় বর্জ্য। এতে একদিকে যেমন অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে স্থানীয় স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। রাস্তার পাশে স্তূপ করে রাখা ময়লার কারণে সরু হয়ে গেছে মূল সড়কটি। এতে করে অটোরিকশা বা জরুরি সেবার যানবাহন চলাচলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়; ময়লা পানি ছড়িয়ে পড়ে পুরো রাস্তায়। দীর্ঘদিন ধরে চলা এই সংকট নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, এক সময় এখানে একটি নির্ধারিত ডাস্ট পয়েন্ট থাকলেও বর্তমানে সেটি নেই। ফলে মানুষ বাধ্য হয়ে যেখানে–সেখানে ময়লা ফেলছে। বাসিন্দারা এলাকায় সচেতনতামূলক সাইনবোর্ড টাঙানো এবং একটি আধুনিক ও স্থায়ী ডাস্টবিন নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
জনস্বার্থ বিবেচনা করে চসিক কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।
জাহের মো. আলাউদ্দীন খান
এসি দত্ত লেইন
৩২ নম্বর ওয়ার্ড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।












