একশ টাকার বিরোধের জেরে রুমমেটকে হত্যায় এক ব্যক্তির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীতে একশ টাকার বিরোধের জেরে রুমমেটকে (স্যানিটারি মিস্ত্রি) হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেনবোরহান উদ্দিন। তিনি মীরসরাইয়ের চূত্তরুয়া আজিজ নগর এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় বোরহান উদ্দিন কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। রায়ে মামলার অপর আসামি ওমর ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক। আদালতের বেঞ্চ সহকারী এস এম কাউসার সাগর এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১ আগস্ট পাহাড়তলীর আব্দুল বারেক সড়ক এলাকায় স্যানিটারি মিস্ত্রি নুরুল আফসার হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারে বলা হয়, একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন নুরুল আবছার। নির্মাণাধীন উক্ত ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানেই থাকতেন তিনি। তার সাথে দণ্ডপ্রাপ্ত বোরহান ও খালাসপ্রাপ্ত ওমর ফারুকও কক্ষটিতে থাকতেন। বোরহানই ৫০০ টাকা মাসিক ভাড়ায় তাদেরকে সাবলেট থাকতে দিয়েছিলেন। কিন্তু বোরহান ও ওমর ফারুক ৫০০ টাকার জায়গায় ৪০০ টাকা ভাড়া দিচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে নুরুল আফসারকে হত্যা করা হয়। ঘটনার পরদিন পুলিশ নির্মাণাধীন কক্ষটির তালা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করেন। মামলাটির তদন্ত কার্যক্রম শেষে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করার একপর্যায়ে আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২৫ দোকান সিলগালা