উজানটিয়ার মৌলভী সাঈদুল হক সড়কের বেহাল দশা, দুর্ভোগে ৪ হাজার মানুষ

দেলওয়ার হোসাইন, পেকুয়া | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া ঘোষালপাড়ার মৌলভী সাঈদুল হক সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্রায় ৩ কিলোমিটার সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ, বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় এটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির পানি ও কাদায় ক্ষতিগ্রস্ত অংশগুলো আরও নাজুক হয়ে পড়ছে। ফলে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

এ সড়ক দিয়ে ঘোষালপাড়া, চরপাড়া, সাইডপাড়া, মিয়াপাড়া, নতুনপাড়া ও পশ্চিম উজানটিয়াসহ আশপাশের এলাকার প্রায় ৪ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলেও বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। স্থানীয়দের ভাষ্য, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে সময় বেশি লাগছে। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। সড়কের এমন অবস্থার কারণে যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও সমস্যা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সমাজসেবক এম আজম উদ্দিন বলেন, “মৌলভী সাঈদুল হক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করেন। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন থাকায় পথচারীসহ যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।” ‎উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু বলেন, “মৌলভী সাঈদুল হক সড়কটি উজানটিয়ার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা এখন খুবই নাজুক। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।”

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্মকে ধর্ম ও নীতি শিক্ষায় সমৃদ্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধরাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ