উখিয়ায় কাভার্ড ভ্যানে ভ্রাম্যমাণ গ্যাস ফিলিং স্টেশন, আটক ৩

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

ঝুঁকিপূর্ণভাবে কাভার্ড ভ্যানে করে বিভিন্ন যানবাহনে জ্বালানি গ্যাস বিক্রয় করার সময় র‌্যাব-১৫ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। এ সময় একটি কাভার্ড ভ্যান ও ১১৮টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। কক্সবাজার র‌্যাব- ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
গত রোববার রাত ১০টার দিকে উখিয়ার কোট বাজারের দক্ষিণে মহাসড়কের পাশে একটি কাভার্ড ভ্যান থেকে অবৈধভাবে বিভিন্ন যানবাহনে জ্বালানি গ্যাস বিক্রি করার সংবাদে র‌্যাব অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষ কায়দায় গ্যাস সিলিন্ডার স্থাপন করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের মত বিস্ফোরক দ্রব্য বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানসহ কক্সবাজারের বড় মহেশখালীর সুজিত কান্তি দের ছেলে ঝিন্টু কান্ত দে (৩০), উখিয়ার রত্নাপালংয়ের জাফর আলমের ছেলে মো. ইসমাইল (২২) ও চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার সফিকুর রহমানের ছেলে আনোয়ার হোসেনকে (৫০) আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত মূল্যে যানবাহন ও শিল্প কারখানায় ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি করে আসছিল বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধমাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ
পরবর্তী নিবন্ধপোর্ট মার্কেটের সামনে থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার