গুরুত্বপূর্ণ মোখা শহর দখল করার পর ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা। এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং কৌশলগত বাবে এল–মানদেব প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ আরও প্রসারিত হয়েছে। হুথি বাহিনী ১৮ ঘণ্টার অভিযানের পর ইয়েমেনের লোহিত সাগর উপকূলের শেষ সরকার নিয়ন্ত্রিত অংশ দখল করে এবং পুরো উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বলে দাবি করেছে। খবর বাংলানিউজের।
সরকারি বাহিনী মোখা শহর থেকে পিছিয়ে যাওয়ার পর এই অগ্রগতি ঘটে। হুথি যোদ্ধারা দক্ষিণে এগিয়ে যায় এবং ধুবাব ও মুরাদ দখল করে নেয়, যেগুলো ছিল সরকারের নিয়ন্ত্রণে থাকা শেষ উপকূলীয় শহর। হুথি বাহিনী কৌশলগত বাবে এল–মানদেব প্রণালীর কাছে ধুবাবেও পৌঁছেছিল। হুথি নৌবাহিনী এরপর উপকূলে অগ্রসর হয়, বাবে এল–মানদেব প্রণালীর মায়্যুন দ্বীপ দখল করে এবং জুকার দ্বীপে প্রবেশ করে। সূত্র: আল–জাজিরা ও মিডল ইস্ট আই
হুথিদের বিরুদ্ধে হামলার অনুরোধ সৌদির, ট্রাম্পের না : লোহিত সাগরের গুরুত্বপূর্ণ অংশে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের আগ্রাসন বাড়ায় তাদের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। আপাতত হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এক্সিওস। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তে রয়েছে ওয়াশিংটন।












