বৌদ্ধগুরু সুমনালঙ্কার মহাথেরোর মৃত্যুতে পার্বত্য মন্ত্রীর শোক

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১:০৩ অপরাহ্ণ

পার্বত্য বৌদ্ধ মিশনের (পিবিএম) প্রতিষ্ঠাতা সভাপতি, বৌদ্ধ ধর্মগুরু, সমাজসেবক ও মানবহিতৈষী সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী।

আজ শনিবার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুল হক স্বাক্ষরিত এক শোকবার্তায় সাচিং প্রু বলেন, “পূজনীয় সুমনালঙ্কার মহাথেরো ছিলেন ধর্ম, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মহৎ সাধক। পার্বত্য চট্টগ্রামের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁর দীর্ঘদিনের নিরলস অবদান অনন্য হয়ে থাকবে।

শোক বার্তায় আরো বলা হয় , মৈত্রী, করুণা ও প্রজ্ঞার বাণী ধারণ করে সুমনালঙ্কার মহাথেরো আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর দূরদর্শী উদ্যোগে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত পার্বত্য বৌদ্ধ মিশন পরবর্তীতে অনাথালয়, আবাসিক উচ্চ বিদ্যালয়, পালি কলেজ, বিদর্শন ভাবনা কেন্দ্র, আইসিটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলে।

মন্ত্রী বলেন, শান্তি, সম্প্রীতি, মানবসেবা ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান পার্বত্য চট্টগ্রামের মানুষ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর মহান কর্ম, আদর্শ ও মানবকল্যাণের সাধনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।”

শোকবার্তায় পার্বত্য মন্ত্রী গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত শিষ্য, ভক্ত, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।”

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে হুথি যোদ্ধারা