আড়াই বছরের মেয়েকে নির্যাতনের অভিযোগে কারাগারে মা, শিশু দাদার জিম্মায়

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নিজের আড়াই বছরের মেয়েকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক মাকে কারাগারে পাঠিয়েছে আদালত, শিশুটিকে আপাতত দেওয়া হয়েছে তার দাদার জিম্মায়। ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান পরবর্তী শুনানির জন্য মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৯ এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়ার আদালতে পাঠিয়েছেন। খবর বিডিনিউজের।

শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার মা সুমি আক্তারের বিরুদ্ধে গত ৭ মে আদালতে মামলার আবেদন করেন দাদা মনসুর আলী খান। শিশুটির বাবা রেজাউল করিম থাকেন লন্ডনে।

বিচারক মাহবুবুর রহমান বাদীর জবানবন্দি শুনে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সে অনুযায়ী ১৩ মে সুমিকে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ। সুমি আক্তারকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

আদালত গত রোববার শুনানির দিন রেখে সুমি আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। নিয়ম অনুযায়ী তার শিশু সন্তানকে তার সঙ্গে কারাগারে রাখার কথা বলা হয় আদেশে। শিশুটিকে যথাযথ শিশুখাদ্য সরবরাহ এবং বিশেষ যত্ন নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক।

এদিকে মনসুর আলী তার নাতনিকে নিজের জিম্মায় নিতে আদালতে আবেদন করেন। আদালত শুনানির জন্য রোববার দিন রাখে। শুনানিতে সুমি আক্তারকে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

সে অনুযায়ী রোববার সুমি এবং তার মেয়েকে আদালতে হাজির করা হয়। তবে এখতিয়ার না থাকায় বিচারক মাহবুবুর রহমান মামলাটি শুনানির জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৯ এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়ার আদালতে পাঠিয়ে দেন। তবে আপাতত শিশুটিকে তার দাদার কাছে রাখার আদেশ দেন বিচারক মাহবুবুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধলালদীঘির বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনারের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মতবিনিময় সভা