মার্সিয়া

আহমেদ মুনির | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

পৃথিবীতে কেউ কেউ বেঁচে আছে আজও

দেয়ালে লাগানো সিনেমা পোস্টার দেখে।

সরষে খেতের আল ধরে হাঁটে আর ভাবে

ওপরে নিরেট নিভন্ত তারার কারখানা

আকাশ কোথাও নেই, তবু মনে মনে ভেবে

নেয় আছে, আকাশের নিচে বেঁচে আছে বলে ভাবে।

যেখানে তোমারা থাক সেখানেও কি

কাছে দূরে বেড়েছে জমির দাম

ফ্ল্যাটবাড়ি করে সেখানে লোকেরা থাকে

তাদের টেলিভিশনেও কি চলে অবিরাম যুদ্ধ

নীল চোখ শিশু, মুখ নেই, বুকে ক্ষত।

পৃথিবীতে ধানক্ষেত আছে নদীর মতো

তার আল ধরে গেলে পুরোনো সিনেমা হল

ফটকে তালা, দেয়ালে ফুটো থোকা থোকা

ভেতরের সাদা পর্দা কাফনের মতো ঝুলে আছে

সেখানেও দেখ যুদ্ধ চলে অবিরাম

নীল চোখ শিশু, মুখ নেই, বুকে ক্ষত

মৃত্যু দেখে লোকে আজকাল ক্রিকেট খেলার মতো।

পূর্ববর্তী নিবন্ধলালদীঘি ময়দানে বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান
পরবর্তী নিবন্ধচিররথের গান