আসাদুজ্জামান নূর, ফেরদৌস, শাওনসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

| সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:০২ পূর্বাহ্ণ

অভিনেতা, সাংবাদিক, উপস্থাপক ও সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দেওয়া হয়েছে। সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী শমী কায়সার, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, অভিনেতা রিয়াজ আহমেদ, সাংবাদিক আনিস আলমগীর, ফ্যাশন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, এমনকি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের নামও রয়েছে ওই তালিকায়। জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। খবর বিডিনিউজের।

রাষ্ট্র সংস্কার ফোরাম (এসডিএফ) নামে একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি জমা দেন। অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী ও নির্দেশক রোকেয়া প্রাচী, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী মাহিয়া মাহি, অভিনেত্রী নিপুণ আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, নাট্যনির্দেশক হৃদি হক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী সোহানা সাবা, অভিনেত্রী শামীমা তুষ্টি, অভিনেত্রী আশনা হাবীব ভাবনা, অভিনেতা সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা আজিম, অভিনেতা জায়েদ খান, অভিনেতা চন্দন রেজা, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা, লেখক শান্তা ফারজানা, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, উপস্থাপিকা সোমা ইসলামের নামও রয়েছে ওই তালিকায়।

নতুন আসা এসব অভিযোগের আইনি প্রক্রিয়া প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আমাদের কাছে যখন কোনো অভিযোগ আসে, আমরা তা গ্রহণ করে রেজিস্ট্রারভুক্ত করি। তারপর তা তদন্তের জন্য তদন্ত সংস্থায় পাঠাই। তদন্ত সংস্থা যদি মনে করে এটি তদন্ত করার মতো, তখন তারা একটি অভিযোগ রেজিস্ট্রারভুক্ত করে তদন্ত শুরু করে। এই অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, অভিযোগ থাকলেই হয় না। যার বিরুদ্ধে তদন্ত শুরু হয়, শুধু তাকেই আমরা অভিযুক্ত বলতে পারি বা আসামি বলতে পারি।

পূর্ববর্তী নিবন্ধএকটা পদে চাকরির জন্য ৫-৬ লাখ আবেদন জমা পড়ছে : এলজিআরডি মন্ত্রী
পরবর্তী নিবন্ধসুখছড়ি খালের ভাঙনে বিলীন গ্রামীণ সড়ক