‘আমার প্রতিভা আছে ওদের নেই’

গলফ জিতে প্রতিপক্ষকে ট্রাম্পের খোঁচা

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:২৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে নিজের গলফ কোর্সে দুটি খেতাব জেতার পর প্রতিপক্ষদের মেধার ঘাটতি নিয়ে খোঁচা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের গলফ খেলার দক্ষতার প্রশংসা করে তিনি দাবি করেছেন, আমার প্রতিভা আছে, ওদের তা নেই! যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ লিখেছে, রোববার যুক্তরাষ্ট্রের বেডমিনস্টারে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে বিজয়ী শট নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন ট্রাম্প।

তিনি জানান, এ বছর গলফ ক্লাবের সুপার সিনিয়র এবং সিনিয়র, দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি ৭০ স্কোরে (টুআন্ডারপার) বিজয়ী হয়েছি। অন্যদের চেয়ে আলাদা বিষয় হলো, অন্য নানা কাজে ব্যস্ত থাকায় অনুশীলনের জন্য আমি খুব কম সময় পাই, তবুও এই জয় পেয়ে সম্মানিত বোধ করছি। একেই বলে প্রতিভা, যা আমার আছে কিন্তু ওদের নেই! শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, বলে আঘাত করার আগে ট্রাম্প দুটি মহড়া শট নেন এবং এরপর চূড়ান্ত শট মেরে বলটি গ্রিনের ওপর থামান। বেডমিনস্টার গলফ ক্লাবের নিয়ম অনুযায়ী, সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সিদের জন্য সিনিয়র এবং ৬৫ বছর বা তার বেশি বয়সিদের জন্য সুপার সিনিয়র ক্যাটাগরি নির্ধারিত। ট্রাম্প ২০২৩ সালেও এই দুই বিভাগে খেতাব জিতেছিলেন এবং ২০২৪ সালেও সিনিয়র খেতাব পান। মিডিয়া আউটলেট মিডাসএর প্রধান সম্পাদক রন ফিলিপকোভস্কির শেয়ার করা অন্য একটি ভিডিওতে ট্রাম্পকে বিজয়ী হিসেবে ট্রফি গ্রহণ করতে দেখা যায়। সেখানে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। দাবি করা হচ্ছে, এটি তার ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়। নিজের মালিকানাধীন বিভিন্ন গলফ কোর্সে এ পর্যন্ত ৪০টিরও বেশি শিরোপা জেতার দাবি করেছেন ট্রাম্প।

২০২৩ সালের এক জয়ের পর তিনি বলেছিলেন, কোনো এক কারণে আমি জন্মগতভাবেই একজন ভালো গলফার। আমি অনেক ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছি, যা সব সময়ই আনন্দের। গলফ কোর্সে একের পর এক সাফল্য পেলেও ট্রাম্পের বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ পুরোনো। ক্রীড়া সাংবাদিক রিক রাইলি ট্রাম্পের গলফ খেলায় অনিয়মের নানা ঘটনা নিয়ে কমান্ডার ইন চিট নামে একটি বই লিখেছেন। বইটিতে রাইলি উল্লেখ করেন, নিউ ইয়র্কের উইংড ফুট গলফ ক্লাবে ট্রাম্প যখন খেলতেন, তখন তার ক্যাডিরা (গলফ সরঞ্জাম ও বল বহনকারী সহকারী) দেখতেন ট্রাম্প পায়ে লাথি মেরে বল সুবিধাজনক জায়গায় পাঠাচ্ছেন। ফুটবল কিংবদন্তি পেলের মতো পায়ে বল মারার এই প্রবণতা দেখে ক্যাডিরা ট্রাম্পের নাম রেখেছিলেন পেলে। এর আগে ২০১৬ সালে বিখ্যাত মার্কিন অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনও ট্রাম্পের বিরুদ্ধে গলফে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এছাড়া স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে ট্রাম্পের এক ক্যাডি বল কুড়িয়ে গর্তের কাছাকাছি নিয়ে ফেলে দিচ্ছেন, এমন একটি ভিডিও প্রকাশ্যে আসার পরও তিনি বিতর্কের মুখে পড়েছিলেন। তবে গলফ খেলায় কোনো ধরনের জালিয়াতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।

পূর্ববর্তী নিবন্ধচিলিতে রাজকীয় অভ্যর্থনা কেপ ভার্দের ভোজিনিয়ার
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে খুশি তাইজুলরা